এক বছর আগের কথা। আমার চুল তখন বড়— ঝুটি বেঁধে রাখি। ভ্রমণে বের হয়েছি। কোনো এক গ্রাম এলাকায় ভ্রমণ করছি। রিকসাওয়ালা মামা খুবই মজার মানুষ। মামার সব কথা বেশ মজা লাগছিলো। রিকসা থেকে নেমে যাবো এমন সময় হঠাৎ করে তিনি মাটিতে শুয়ে গেলেন এবং আমার পায়ে চুম্বন করতে লাগলেন। আমি না সড়াতে পারছি পা, না সড়াতে পারছি রিকসাওয়ালা মামাকে। মানুষ জমে গ্যাছে। হাউমাউ করে কাঁদতে লাগলেন! সে কি কান্না!
অবশেষে উনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাই। খাবার খেতে খেতে কাহিনি কী জানতে চাই।
— যখন আপনার কাছ থেকে ভাড়া নিতে যামু তখন আমার পীরের চেহারা ভাইসসা উঠছে আপনার মধ্যে। তারপর আমি কি করছি কিচ্ছু কইবাম পারুম না।
মামা কইবাম না পারলেও, আমি ঠিকই কইবাম পারছি। পরের দিন সেলুনে গিয়ে সব চুলকে আল্লার রহমতে ইন্নালিল্লাহি করে দিছি।
আজকের ঘটনা। দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের শেষের দিকের ঘটনা। বাজারে যাচ্ছি। খাসির মাংস খেতে ইচ্ছে করছে— ঝালঝাল করে। মাথায় টুপি। হঠাৎ এক লোক— চিনি না জানি না— আমাকে দেখেই বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। ওরে দয়াল— একি অবস্থা। যাক, যেকোনো উপায়ে উনাকে নিয়ে চায়ের দোকানে যাই। চা খেতে খেতে কাহিনি কী জানতে চাই।
— ভাই, গতকাল রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখি। গভীর এক গর্ত। গর্তে আগুন আর আগুন। আগুনে পড়ে যাচ্ছি। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছি। কিন্তু কোনোক্রমেই রক্ষা পাচ্ছি না— আগুনের দিকে যাচ্ছি তো যাচ্ছি। হঠাৎ একটি হাত আসে। এবং সেই হাত আমাকে রক্ষা করে। যে লোকটা আমাকে রক্ষা করে চেহারাটা হুবহু আপনার মতো। তাই আফনাকে দেখে আমার মাথা ঠিক রাখতে পারি নাই। আফনে মনে কিছু নিয়েন না ভাই।
বাসায় আসি। বহুদিন নিজেরে আয়নায় দেখি নাই। আজকে দেখলাম। দেখি, চুল আবার বড় হয়ে গ্যাছে। টুপির নিচে বড় চুলে বেশ ভালো মানুষ ভালো মানুষ একটা লুক আসছে।
গ্রাম এলাকায় একটা প্রবাদ আছে— আগে দর্শনধারী, পরে গুনবিচারী। আজকে থেকে প্রবাদ ঘুরে গেলো— আগে গুনবিচারী, পরে দর্শনধারী।