তাকে কখনো মুগ্ধ করতে যেও না পুত্র আমার যে তোমার প্রতি অলরেডি মুগ্ধ হয়ে আছে— তার প্রতি বরং সরল হও মেঘ থেকে নেমে আসা জলের মতো। তাকে কখনো মুগ্ধ করতে যেও না পুত্র আমার যে তোমার প্রতি মুগ্ধ হয় নাই এখনো— তার সাথে তুমি বরং আড্ডায় বসো, কফি খাও একসঙ্গে— একসঙ্গে দীর্ঘ যাত্রায় বের হবে না নিশ্চয়ই।
দীর্ঘযাত্রা করো কেবল নিজের সাথে— পাতা পরে যাওয়া গাছের দিকে মনভরে তাকাও আর আস্তে আস্তে শ্বাস নাও এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ো— শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মাঝখানের সময়টা হলো পৃথিবীর সাথে তোমার সম্পর্ক।
শুনো আমার সন্তান— নিজেকে ভালোবাসার মতো অপরাধ আর হয় না— নিজেকে ঘৃণা করার মতো অপরাধ আর হয় না— অপরাধ না করার প্রবনতা এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। তাই বলছি— যখন জেনে যাবে চোখ মুখ নাক কান দিয়ে এই পৃথিবী তোমার মধ্যে প্রবেশ করে— তখন আশা করি বুঝতে পারবে তুমি আর তোমার আয়োজিত পৃথিবী এক না— তখন যেনো এক হয়ে একাকার হয়ে যেতো পারো নিজের সাথে এই প্রার্থনা আমার তোমার প্রতি হে আমার সন্তান।
হে আমার অনিন্দ্য সন্তান— জীবন চলার পথে এমন হতে পারে যে নদীর তীর এসে তীব্র অভিযোগ দিচ্ছে তোমার কাছে জলের বিরুদ্ধে— এমন হতে পারে যে নদীর জল এসে তোমাকে শোনাচ্ছে তার স্বাভাবিক বেচে থাকার স্বাভাবিক সত্যকথা— তখন তুমি কার পক্ষে যাবে? ঠিক তখন তুমি নদীকে এবং নদীর জলকে তোমার পক্ষে চলে আসতে বলবে— যে তোমার পক্ষে চলে আসবে তুমি তার পক্ষ নিবে। যদি দুজনই তোমার পক্ষে আসে তাহলে তুমি রাত ও দিনের মতো দুজনের হয়ে যাবে— মাঝে মাঝে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হবে— মাঝে মাঝে জোয়ার কিংবা ভাটা হবে— তাদের নিয়তি তাদের মধ্যে বন্টন করে দিবে কেবল হে অনিন্দ্য কন্যা আমার।
হে রমারব কন্যা আমার জেনে রেখো— অন্ধকার মানে আলোর অনুপস্থিতি নয়— বলতে চাচ্ছি অন্ধকার আলোর বিপরীত শব্দ নয়— অন্ধকার ইজ অন্ধকার— যেমন কালো ইজ কালো— কালো কখনো সাদার বিপরীত শব্দ নয়— বিপরীত শব্দ একটা রাজনীতি— একটা পক্ষ শাসক আর আরেকটা পক্ষ শোষিত হওয়ার রাজনীতি।
তোমাকে তিনটি শব্দ শোনাচ্ছি— রিজিলিয়েন্স, কমপ্যাশন এবং ডিলিজেন্স— এই তিনটি শব্দই ইংরেজি— একদিন এরা গভীরভাবে বাংলা ভাষার নাগরিক হবে— তুমি এদেরকে মনে মননে ধারন করতে শিখো— রিজিলিয়েন্স মানে এমন এক ক্ষমতা যা রক্তবীজের মতো জন্মের কথা বলে, যা পরাজিত হতে হতে ঘুরে দাড়ানোর শক্তির কথা বলে— ডিলিজেন্স মানে অধ্যবসায়— এমন এক অধ্যবসায় যার প্রতিটি ধাপে থাকে আন্তরিকতার নব নব সাজ— কমপ্যাশন মানে সহানুভূতি এবং সহমর্মিতার মিশ্রিত অবয়ব।
তুমি অবশ্যই মানুষের বিপদ থেকে শিক্ষা নিবে— নতুবা তোমার বিপদ থেকে শিক্ষা নিবে মানুষ— তুমি প্রথমে মানুষ হবে, তারপর আকাশ থেকে নিজেকে আলাদা করার বিদ্যা রপ্ত করে নিও হে পুত্র আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন