মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আমাকে ভুল বুঝবেন না

আমাকে ভুল বুঝবেন না! 

আমি একটা কথা বলি— পৃথিবী হঠাৎ বদলে যাবে! 


পৃথিবীর একপ্রান্ত থেকে মানুষ ছুটে যাবে আরেকপ্রান্তে— মানুষ কোনো আইন মানবে না— মানবে না কোনো বিচার ব্যবস্থা সরকার। 


আমাকে ভুল বুঝবেন না! 

আমি একটা কথা বলি— দলে দলে মানুষ বলে উঠবে সুশাসন সুশাসন এবং সুশাসন— সবচেয়ে নিরীহ মানুষটাকে বানানো হবে রাজা সততার মাপকাঠিতে— যারা শক্তির চর্চা করে তারা পালাবে এবং পালাতে থাকবে।


আমাকে ভুল বুঝবেন না! 

আমি একটা কথা বলি— পৃথিবীর মানুষ সব কাটাতার ভেঙে দিবে— মানচিত্রের বুক থেকে মুছে যাবে মানুষের চলাচলে টেনে দেওয়া নিষেধের দাগ। নিজেদের ভালোলাগার ভিত্তিতে নির্মাণ হবে বসবাস ব্যবস্থা— চলিত বন্দোবস্ত বাতিল হয়ে যাবে— পৃথিবীর কোনায় কোনায় আগুন জ্বলবে— ঘর পোড়ানোর আগুন নয়, মানুষের বিরুদ্ধে মানুষের সাজানো দীর্ঘ ইতিহাসকে দগ্ধ করার আগুন— পুরাতন ব্রিজ ভেঙে নির্মাণ হবে সম্পূর্ণ নতুন ব্রিজ।


আমাকে ভুল বুঝবেন না!

আমি একটা কথা বলতে চাই— নদী থেকে নেমে আসবে প্রান— প্রান থেকে নেমে আসবে উচ্ছ্বাস— উচ্ছ্বাস থেকে নেমে আসবে মানুষের সাথে মানুষের মিশে যাওয়ার আকুলিবিকুলি, 

এক দুর্নিবার আকুলতা— এই আকুলতা থেকে জন্ম নিবে সারা পৃথিবীর একটি পতাকা একটিই পতাকা — মানুষ!


আমাকে ভুল বুঝবেন না— আমি একটা কথা বলে ফেললাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন