শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মানুষকে লড়তে হয়

 মানুষকে লড়তে হয় রোগজীবাণুর বিরুদ্ধে

মানুষকে লড়তে হয় নিজের অভ্যাসের বিরুদ্ধে

অপরিসীম চাওয়া-পাওয়ার বিরুদ্ধে 

অনেকে তাকে রিপু বলে

মানুষকে লড়তে হয় রিপুর কূলভাঙা আবেদনের বিরুদ্ধে 

মানুষকে লড়তে হয় ঘরে

লড়তে হয় বাইরে

লড়তে হয় আকাশপথের বাতাসি প্লাবনে

লড়তে হয় সাগরের উত্তাল ঢেউয়ে

মানুষকে লড়তে হয় মত ও আদর্শে

অন্ধকারে লুকিয়ে থাকা শিংওয়ালা ভূতের বিরুদ্ধে 


মানুষকে লড়তে হয় শব্দ ও নীরবতার বিরুদ্ধে

মানুষকে লড়তে হয় ঠিক তারই মতো—

ঠিক তারই মতো বলতে

একটু কম বা বেশি আরেকজন মানুষের বিরুদ্ধে


তবু মানুষ হাসে

ভালোবেসে প্রেমিকের চোখে রোপণ করে বেলি ফুল— প্রেমিকের শরীরে মেখে দেয় ছাতিম ফুলের বাগান— গন্ধে, সৌন্দর্যে মানুষ হয়ে ওঠে উত্তাল, উদাম, সুগন্ধি, স্বাস্থ্যকর।


মানুষ— এক আশ্চর্য অন্ধকার যার শরীর থেকে পড়তে থাকে দিনে দিনে এক আশ্চর্য আলো।


অন্ধকারে মানুষ শরীর রাখে

আলোতে রোপণ করে খাদ্য।

মানুষ চলে যাবে জেনেও থেকে যায়

এমনভাবে থেকে যায়—

যেন আর কোনোদিন সে ফিরবে না ঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন