শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

প্রিয়তমা ভুল আমার

ভুলের ঠোঁটে চুমু খেয়ে বলেছিলাম সংসার করবো, সংসার আমার শান্তিনিকেতন থেকে সাইকেল চাপতে চাপতে চলে গেল যাদবপুর, তারপর হয়ে গেল মিছিল স্লোগান

মিছিলে নামে মানুষ
মিছিলে নামে ফানুস
মিছিলে নামে আমার ভুল
মিছিলে নামে সকল ফুল

রাত আসে। রাতের রেলিং বেয়ে জোছনা আসে। জোছনা এসে আমার ঘরের সমস্ত লাইট অফ করে দেয়। জোছনা আমাকে ঘুমাতে দেয় না অথচ ঘুমানো উচিত। প্রিয়তমা ভুল আমার তোমাকে আজকাল চাঁদে দেখি।

পাবলিক বনাম অবলিক

লোকজন লোকালয়ের, লোকালয়ের লোক মনে ঢুকে গেলে মনটাকে তারা লোকালয় বানিয়ে ফেলে,  লোকালয়ে কিন্তু কেবল ফুল গাছ থাকে না, ডাস্টবিনও থাকে

আমার ভীষন একলা লাগে

আমার ভীষন একলা লাগে
চাঁদমুখের হাসিও মনে দুঃখ আনে
সাগর জলে প্রান ভিজিয়ে শান্তি পাইনা
ভেতর মনে খুঁজতে থাকি নিজের আয়না
চায়ের কাপে রোজ নামে তুমুল ঝড়
আমিও তখন সবার মতো সবার পর
দূরদেশের ছায়ামানবী টানতে থাকে
অদৃশ্য তার মন্ত্রটান
কাছে গেলে পাইনা গান
দেয় না দেখা কই না কথা আমার সাথে
একলা লাগে একলা লাগে
হাঁটতে গেলে একলা লাগে
খাইতে গেলে একলা লাগে
দুপুর রাতে একলা লাগে
নদীর পাড়ে একলা লাগে
ভাসছি আমি একলা লাগার প্লাবন বন্যায়
মাছের মতো সাঁতার কাটি আমার কান্নায়

শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

পূজা

চন্ডীর পূজা দিলে মনসা মাইন্ড করে, মনসার পূজা দিলে টনসা মাইন্ড করে, আমাদেরকে শুধুমাত্র এক দেবতা দেবীর পূজা দিতে হয় বলেই একশত বছর পরেও আর রবীন্দ্রনাথ তৈরি হয় না, তৈরি হয় না কাজী নজরুল

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

রাত বলে একটা শব্দ আছে

চোখের পাতা লেগে আসতে পারে এমন একটা মায়া। মাথা কোথায় যেন হারিয়ে যেতে চায়। গেল ঘুম, ঘুম গেল মাথার ভেতরে। সকালে আজ আর সূর্য উঠবে না। জাস্ট ঘুম হবে। মানুষের কোনো মৃত্যু দিবস নেই। মানুষ মরে যায় এমন কোনো তথ্য কোনো বিজ্ঞানী দেয়নি। হাত থেকে মোবাইল পড়ে যেতো। মরে মরে বেঁচে  গেলো।

সকাল হলে আশ্বিনের চাঁদের কথা মনে পড়ে। অনেক সুন্দর চোখে নেশা দিয়ে চলে যায়। চলে যাওয়া আর থেকে যাওয়ার মাঝপথ ভীষন ক্লান্তিকর।ট্রেনের আওয়াজ বাজতে থাকে কানে। গতি থেমে গেলে যেন একটা মৃত্যু নামে মনে। পাথর উপরে তুলছিল মানব, পাথর নিচে টেনে আনে প্রকৃতি। সময় এক উদ্ভুত মার্বেল। প্রলোভনে প্রলোভনে সমাজ নির্মান করে সম্পর্ক। সবাই যেতে চায়, কই যেতে চায় তারা কেউ জানে না। যাচ্ছে ত যাচ্ছে। হাঁটছে ত হাঁটছে।

আকাশের বাম পাশে চাঁদপিন্ড জোছনা বিলাতে বিলাতে কবির কাছে এসে প্রেমিকা হয়ে ওঠে। কবিরা পারে কবিরা পারে নর্তকীর নাচে পবিত্র নগরীর পরিব্রাজক গন্ধ পেতে। তাইতো এক কবিতায় তাদের জন্ম, অন্য কবিতায় তাদের গোছানো নির্বান!

পাতার ফাঁকে ফাঁকে সবুজের কোয়ান্টাম ক্রাইম, সবুজফাঁকে ছায়ামিল মায়াবী হরিন বাঘের ভয়ে স্লিম হয়ে ওঠে দিনে দিনে। দিন যায় কথা থাকে, কথা থাকে দিন যায়, চাঁদের গায়ে সমুদ্রকাশ, জানালায় মোমচোখ গলে গলে যায়, ঠাঁই নাই পৃথিবীতে পৃথিবীর ঠাঁই নাই

যোগবিয়োগ

গনিতে আমরা যোগ ভালো পারলেও সমাজে বিয়োগটাই আমরা ভালো পারি

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

জয় নয় পরাজয়

কাউকে পরাজিত করে জয়ী হওয়ার আনন্দ আমি নিতে পারি না, কারো সাথে পরাজিত হয়ে কষ্ট পাওয়ার ভার আমি নিতে পারি না, আমি চাই সামনে এগিয়ে যেতে জয় ও পরাজয়কে পেছনে ফেলে