বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

তোমাদের তো অনেক আছে, তাই না?
ঘরের ভেতর ঘর আর একখান টিউলিপ আয়না, তাই না?
ধুমসা দেহের ভেতর তারা আলো খুঁজতে যায় না
দেহাতীত, কালাতীত সময়ঘরে বড়ই কৃপন তাদের বায়না
তাদের কথার, অঙ্গের বাহার দেখে চোখে ঘুম আইনা
তোমরা তো তারাই যারা ছটাং ফটাং ঘেচাং গায়েনা  

বুধবার, ২৯ জুন, ২০১৬

সোমবার, ২০ জুন, ২০১৬

ভার

বেদনার ভার আকাশকে নত করে দেয়
আমাকেও নত করে
আনন্দের ভার আরোও নত করে
আমাকে ও তাকে
নত হতে হতে ভুলে গেছি জন্মের কাল
নত হওয়া এক ফলবান কাজ
অথচ কত মহান শিংধারা মানুষ
তর্কের কম্বলে উষ্ণ করে গতরের তাজিম

বিতৃষ্ণার মতো ছাতার নীচে সাজায় বৃষ্টির সমাহার
শব্দের ভেতর রোজ নেমে আসে আধিপত্যের বাজার
একাধিক, হাজার থেকে হাজার, হাজার থেকে হাজার 

রবিবার, ১৯ জুন, ২০১৬

বকুলডালে তরতাজা ফুল
বৃষ্টি আসে কদমতলায়
অহির ঘরে ঘুমিয়ে থাকে সাবলীল এক নকুল
ব্যাঙের ছাতা খুন
বৃষ্টিমাথায় আম কুড়ানো অনাবিল এক সুখ
কেড়ে নেয় রাতের তারা মনের যত দুঃখ
পৃথিবীকে সামনে রেখে তোমায় দিলাম ভুল
দিনের আকাশ সূর্যহারা পাখিও চিনে কূল 

হ্র

সামাজিক মানুষ আপনাকে সফলতা দিয়ে মূল্যায়ন করবে, আর হৃদয়ের মানুষ আপনাকে  হৃদয় দিয়ে উপলদ্ধি করার চেষ্টা করবে। সামাজিক মানুষ হৃদয়চর্চা করতে জানে না, হৃদয় এক শুদ্ধ পাথরের নাম যেখানে চুম্বনে চুম্বনে আদি ভৌতিক সব গুনা মাফ হয়ে যায়। 

শনিবার, ১৮ জুন, ২০১৬

জ লি মা

মেঘনা নদী আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়। আমি প্রায় মেঘনা নদীর কিনারায় বসি-- মাছের সংসার দেখি, মালামাল ভর্তি জাহাজ দেখি, লঞ্চের জানালার  ফাঁকে লতাপাতার মতো বেড়ে ওঠা চোখ দেখি, আরও দেখি জলের গভীরে প্রবাহমান চুরাস্রোত।

মেঘনা নদীর মাঝখানে দ্বীপের মতো একটি জায়গা আছে, এলাকাবাসী জায়গাটিকে চর বলে। চরে তরমুজ ভালো হয়। বালি মাটিতে তরমুজ ভালো হয় ছোট্ট কাল থেকে শুনে আসছি। সূর্যের তাপে বালি মাটি ভেতরে ভেতরে দগ্ধ হতে থাকে, লাল দহনের সবটুকু ব্যথা বালি তরমুজের হৃদয়ে ট্রান্সফার করে দেয়, তাইতো তরমুজের হৃদয়ে হৃদয় এতো লাল।
আসলে হৃদয় দহন কেউ দেখে না -- কালিমা পড়া নসিমুন বাবু কিংবা কবুল বলা জলিমা।

জলিমা,
বিগত দিনে কার বুকে মাথা রেখে তুমি শুনালে করবীকুঁড়ির তরল সুর, চিৎকারে চিৎকারে সাজালে রঙিন বাসর?

আমি কিন্তু বালি মাটির তরমুজের মতো ভেতরে ভেতরে লাল হয়ে যাচ্ছি অথচ কত চমৎকার সবুজ আমার চোখে মুখে।

চোখ দেখে মনকে অনুধাবন করা যায় না জলিমা-- মনের মতো মন থাকা চায় 

বুধবার, ১৫ জুন, ২০১৬

রোজা

আমার হাত রোজা রাখে। কারন এই হাত কারো সম্পদ ছিনিয়ে আনে না। আমার চোখ রোজা রাখে। কারন এই চোখ মানুষের কল্যানে ব্যবহার হয় রোজ। আমার পা রোজা রাখে-- এই পা দিয়ে অনিষ্টকারী পদক্ষেপ পড়েনি আজও। কথা রোজা রাখে, জানামতে আজও প্রতিটি শব্দ ব্যবহার করি মানুষের কল্যানে।

যারা কেবল পাকস্থলীর রোজা রাখেন একমাস তাদের জন্য আমার লাল সালাম বারোমাস