বুধবার, ২৬ জুন, ২০১৯

পতেঙ্গার জলজোয়ার

যেখানে জাহাজ ভিড় করে সেখানে জল থাকে। জল থাকলেই জাহাজ ভিড় করে না। জাহাজের এক‌টি নির্দিষ্ট গতিপথ আছে। নির্দিষ্ট গতিপথ ধরে সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছে। সে পাশ করেছে। রাম পরাজিত হয়নি। কারো জয় আকাশে উড়া কারো জয় উড়োজাহাজ নির্মান করা।

বেহুলাকে মানুষের ঘরে ঘরে যেতে হয়নি। রাজার শাস্তি রাজার মতো প্রজার পুরস্কার প্রজার মতো। মানুষ একটি জাহাজ যার জলের চেয়েও গতিপথ বেশি প্রয়োজন।

পতেঙ্গার আকাশে পোস্টপেইড বাতাস। সাগরের ঢেউ ত আছেই। তারও রয়েছে নিজস্ব জাহাজ। জাহাজের কারনে পতেঙ্গার কোনো একটি অঞ্চলকে মানুষের গ্রাম মনে হয়। মনে হয় ফুল পাখির দেশ।

অপেক্ষা করে করে রাত তালা দিয়ে অভিমান চোখে বালিশে মাথা রাখে ঘরমুখো মানুষ। শিশুরা প্রথমে শিখে অভিমান। তারপর কান্না। তারপর শিখে মিথ্যা বলা। শিশুরাও পতেঙ্গার কাছে এসে ঢেউয়ের মতো শিশু হয়ে যায়। জোয়ার আসে ঢেউ বাড়ে জোয়ার চলে যায় ঢেউয়ের পাখনা তখনো থামে না।
জল থেকে ঢেউ
ঢেউ থেকে জীবন আর জীবন থেকে আমাদের ডোমেস্টিক ছায়া।

শুক্রবার, ২১ জুন, ২০১৯

বলবো তোমার প্রেমিক আমি

তোমার চোখে বৃষ্টি কেমন
ভেবেও আমি ভাবি না
তোমার চোখে রোদের খেলা
দেখেও আমি দেখি না

একলা আমি সাগর তীরে
সাগর আমি সাগরমুখী
পেছন থেকে স্মৃতির খেলা
গল্প আমার লুকোচুরি

আকাশ বেয়ে চাঁদ উঠে
মেঘও তার প্রতিবেশী
পেছনে সব উড়াল পাখি
সমাজ নিয়ে দারুন খুশী

বয়ে চলা জীবন নিয়ে
প্রশ্ন করি উত্তর লিখি
বর্ষাজলে বেহুলা ভাসে
স্বর্গ কোথায় স্বর্গ খুঁজি

জীবন যাবে জীবন রবে
আসবে তুমি আসবে আমি
আবার যখন দেখা হবে
বলবো তোমার প্রেমিক আমি

চলছে গাড়ি যাত্রী তারই

চলছে ট্রেনের মোড়ক পেঁচানো পলিজিনি গাড়িখানা
বাতাসলগে আজব শহর জ্বিন আলাদিনের আস্তানা
ট্রেন থেকে অনেক দূরে শ্রমিকের ঘর বাড়ি
মামলার সুখে আমলা এখন অপরাধমাখা গাড়ি
মাঝখানে দ্বীপের মতো রোদেলা হাসি নারী
ঠোঁটের ভেতর ঘর বেঁধেছে বহুগামী নদী
সাগর উত্তাল পাতালে নেমেছে পাহাড় প্রিয় দিদি
পাহাড়ে পাহাড়ে পাখি কলরব জমিনে মানুষ রাজা
রোজ মরছে ঘামের রক্ত চেতনার বাড়ছে সাজা
কলাশিশ্ন জিংলা নিয়ে বাড়ছে বিপ্লবী
বাড়ছে ফলের রংকালার বাড়ছে ভংবাদী
দোয়া কবুলের নামে বাড়ছে আমিন আমিন রব
হুজুর খাচ্ছে মজুরের ঘাম বাড়ছে লেবাসের জপ
আবহাওয়ার খবর দিচ্ছে ভাঙ্গা কলের গান
ঝরাপাতার পেঁচানো রোগ ভ্যানিটি ব্যাগের প্রান
বিপ্লব হয়েছে বিনোদন সিনেমা তেলাপোকা সাহস
দলাদলির ঘর সংসার সুদ কাঞ্জি পাট্টা চেলি চাহস

বুধবার, ১৯ জুন, ২০১৯

সত্য

মিথ্যাকে প্রমান করতে হয় সত্য দিয়ে, সত্য সার্টিফিকেট না পেলেও সত্য

লেখক

যারা বলে জনপ্রিয় লেখা ভালো হয় না জনগনের জানা প্রয়োজন তারা কিন্তু জনগন না

শুক্রবার, ১৪ জুন, ২০১৯

প্রেমিকের কামিন

রাধামন পাতামন বাতাসে নড়ে
বৃন্দাবন উষ্ণপন কালা জলে পড়ে
কলসিন্দুর কদম ডালে আষাঢ়ী উদাম করে
কালকেতু ঘরে পর পরকীয়া ডরে
উচাটন অনাথা আলপিন সুরে
মনগাছ পাতা ছাড়ে থরেবিথরে
মনে থাকে কামজ্বর সমাজে আকাশ
কৃষ্ণপ্রান ডেকে ডেকে ডাহুক হতাশ
রাধাস্তন মরুভূমি হাতঘাস বিহীন
ডুবে ভেসে মরে যায় প্রেমিকের কামিন

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

রাস্তাঘাট খোলা থাকুক

অনেক কাল সয়ে রয়ে দেখেছি মানু‌ষের কঙ্কাল বড় গাছের ছোট পাখি
গাছের পাথর থেকে আকাশগঙ্গা পাড় পর্যন্ত মানুষ এক আজব প্রানি
মানুষের ঘর থাকে ঘরের অনেক দূরে
মানু‌ষের প্রেম থাকে প্রেমের ভেতর শরীরের ত্রিসস্তিশাল্কো ছাড়িয়ে
ভোর হলেও রাতের ডাক থেকে যায়
নদী ডাকলেও ভাঙনের শব্দ সিনেমার পর্দায়
কোনো বিষয়বস্তু থাকলেও ক্যামেরার কালার মন্দ
ক্রিকেট খেল
ফুটবল খেল দেখতে দেখতে পদ্মা মাতৃত্বের শক্তি হারায়
বাদাম বিক্রেতা বাদাম
আলু বিক্রেতা আলু
টুপি বিক্রেতা টুপি বিক্রি করেই চলেছে
অধ্যাপক বিক্রি করে চলেছে শিক্ষা
টিএসসির হকার বিশ্ববিদ্যালয়ের মেকার হয়েছে বহু শতাব্দী আগে
আমরা কেবল খেলা দেখি
আমরা কেবলই খেলা দেখি খেলার অনেক পরে