বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

প্রেমে মন জোয়ারে নদী

এ তালা আরেক তালা
বুঝে না মনের জ্বালা
বৃষ্টি এলেও ছাতা ধরে না
বোকাদের স্বর্গ জেনো হয় না হয় না।।

বসন্ত এসে গ্যাছে
বাতাসে ফুল লেগেছে
তালাতে ঝং ধরেছে খুলে না
বোকাদের স্বর্গ জেনো হয় না হয় না।।

গাছে ফল রসে ভরা
জোয়ারে নদী তরা
তালা তার এসব কিছু টানে না
প্রেমে মন ডাকে তবু আসে না আসে না।।

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

ভয়ে ভয়ে নয় রয়ে রয়ে

ভূমিকম্পে পুরো বিল্ডিং কেঁপে ওঠল, আমি খাচ্ছিলাম, খেতে থাকলাম, হাউমাউ কান্না পুরো বিল্ডিং ছড়িয়ে গেল। আমি তখনো খেতে থাকলাম। ভূমিকম্প থেমে গেলো। আমি তখনো খেতে থাকলাম। পুঁটিমাছ ভাজি আর ভাত। বিল্ডিং ভাঙেনি। তাদের ভয় পাওয়া আর কান্নাকাটি লজ প্রজেক্টে লেখা হলো।

মরে যাবো একদিন নিশ্চিত কিন্তু ভয়ে ভয়ে মরতে চাই না। ভয় মৃত্যুর ঔষধ নয় বরং ভয় মৃত্যুর এসিস্টেন্ট। মরে যাবো একদিন নিশ্চিত কিন্তু ভয়ে ভয়ে মরতে চাই না।

মরে গেলে আমার জন্য কেউ দোয়া করবেন না, দোয়া করবেন তাদের জন্য যাদের পাশে আমি দাঁড়াতে চেয়েছিলাম।

আশ্বিনের গান ভাদ্র মাসে

সাদা রঙের ব্যবহার্য জিনিস আমরা ঘরে বা শরীরে কম আনি। কারন ময়লা বেশি হয়। ময়লার দেশে সব জিনিস সমানুপাতিক হারে ময়লা হয়। কিন্তু সাদা জিনিসে ময়লা বেশি দেখা যায়। আমরা চাই ময়লা থাকুক, তবে দেখা যেন না যায়। অর্থাৎ ময়লা নিয়ে ঘুরতে আমাদের সমস্যা নাই, দেখাতে যত সমস্যা।

সাদা রঙের জিনিস ঘরে আনার ব্যাপারে ইতস্ততবোধ থাকলেও সাদা চামড়ার নারী কিন্তু ঠিকই আমরা ঘরে আনতে চাই। সাদা চামড়ার নিচে মাথা আছে কিনা, মাথার মাঝে পর্যাপ্ত মগজ আছে কিনা তা জানার কোনো প্রয়োজন নাই। কারন ঘরে একটা সাদা জিনিস লাগবে যেখানে অন্ধকারের বিপরীতে একখান জোছনাময় আবেশ পাওয়া যায় অথবা ময়লাহীন একটা ব্যাপার স্যাপার থাকে। পরে দেখা যায় মগজহীন সাদা চামড়া নিজেই শ্রেষ্ঠ ময়লা যা পাউডার সাবান দিয়ে দূর করা যায় না।

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

পৃথিবী

পৃথিবী মনের ছায়া, পৃথিবী তাই করে মন যা করতে চায়, পৃথিবী তাই দেখে মন যা দেখতে চায়, পৃথিবী তাই শুনে মন যা শুনতে চায়

অজ্ঞাত রাতের ফুল

মানুষ নিজের ব্যাপারে সবচেয়ে কম জানে। কারন চোখ নিজেকে দেখে না,কান নিজেকে শুনে না। অন্যের চোখে আমরা আমাদেরকে দেখি, অন্যের বাক্যে আমরা আমাদেরকে শুনি।

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

সবার ঘড়ি বাজারে থাকে না

তুমি ভাবছো এখন অনেক রাত
ঠিক এখন ঠিক এখনই আমি ভাবছি সকালের আর একটু বাকি
কেউ হয়তো ভাবছেন এখন চোখে অনেক অন্ধকার
কেউ আবার ভাবছে সূর্য জিনিসটা দিনের, তাই সে সার্বজনীন নয়
কেউ আবার ভাবছেন চাঁদ কেবল রাতের, তাই সে কমিউনিস্ট নয়

একটু পরে লোকটি অপারেশন থিয়েটারে ঢুকবে মানে আশানিরাশা এখন তার মনে

এই যে আমি একটা সাদা প্যান্ট আর সাদা গেঞ্জি পরে বসে আছি নরম বিছানায় তাতে তোমার কী?

তোমার কলেজিয়েট মেঘ ঠিকই রাষ্ট্র না মেনে পাহাড় ডিঙিয়ে জলে মিশে যাবে--
এরই নাম আবহাওয়া বার্তা।

পাট গাছের সাথে মিশে আছে আমাদের শৈশব, বিশেষ করে বর্ষাকালকে পাটগাছকাল বলা যেতে পারে। আমরা রচনা লেখতাম বর্ষাকালে পাটপঁচা গন্ধ আসে নাকে। এখন বর্ষাকাল। তোমার গন্ধ পাই রোজ রাতে। রাত মানে আমার কাছে দিন-- তোমার এক‌টি ঘড়ি আছে, আমার আছে একটা, প্রত্যেকের ঘড়ি ঠিক আলাদা আলাদা।

সি নে মার পর্দা

সিনেমা দেখার সময় প্রত্যেকে নায়ক কিংবা নায়িকা হয়ে পর্দার ভেতরে চলে যায় কিন্তু মারামারি শুরু হয়ে গেলে প্রত্যেকে পর্দার বাইরে চলে আসে