বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

প্রশ্নরাজিতে

তোমাকে একটি প্রশ্ন করতে চেয়েছিলাম, তুমি আমাকে একটি উত্তর দেয়ার জন্য প্রস্তুত ছিলে, তুমি আমাকে একটি প্রশ্ন করতে চেয়েছিলে, আমি তোমাকে একটি উত্তর দেয়ার জন্য প্রস্তুত ছিলাম।

কেমন করে যেন আমাদের প্রশ্নরা আমাদের অজান্তে উত্তর হয়ে বসে আছে!  

অনেক অনেকের মতো

না হয় রাজাকে বন্দী করলেন, দাবাঘরের বাইরেও জীবন আছে।

পৃথিবী থেকে দেখা যায় চাঁদের পাশে ছোট্ট তারা, তারার দেশে গিয়ে দেখুন তারার পাশে ছোট্ট চাঁদ।

কান থাকে সমাজকে নিয়ে, চোখ থাকে হৃদয়কে নিয়ে।

যা বলতে পারো না তাই তুমি। 

মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

শিরদাঁড়া

আম্মা ছোট কালে আমাকে  টাইফয়েডের টিকা দিয়েছিলেন যেন ছেলে তার সুস্থ থাকে কিন্তু মেরুদন্ড শক্ত হওয়ার টিকা দেননি, দিলে শিরদাঁড়া আরও শক্ত হতো।

আপনাদের সন্তানদের অবশ্যই শিরদাঁড়া যাতে শক্তিশালী থাকে সেজন্য টিকা দিবেন।

বড় প্রতিষ্ঠানে সন্তান ভর্তি হলেই ভাববেন না আপনার সন্তান বড় মানুষ হবে।

প্রতিষ্ঠান আপনার সন্তানকে অঙ্গ প্রত্যঙ্গের মানুষ করে তুলবে, বর্নের সাথে বর্নের মিলনে কেমন করে শব্দ তৈরি করতে হবে তা শেখাবে কিন্তু কখনো শব্দ ভেতরে যে শক্তি আছে, শব্দশক্তি অর্জনের মধ্য দিয়ে যে চেতনার মানুষ হওয়া যায় তা শেখানোর ভার প্রতিষ্ঠান নিবে না।

তাই আপনাকে হতে হবে টমির (টমাস আলভা এডিসন) মা যে মা জানে প্রত্যেকটি সন্তানের ভেতর রয়েছে অসীম সম্ভাবনা।

বিষহরী

কেমন করে যেন রাজনীতির ঘরে ঢুকে গেল সাপ আর প্রজার ঘরে বিষ। সাপ বিষহীন, বিষ সাপহীন।

সোমবার, ৩ জুলাই, ২০১৭

:

শরীর নিয়ে হাঁটতে হাঁটতে ছায়ার পথে হেঁটে যাই 

রবিবার, ২ জুলাই, ২০১৭

ই ছা ম তি

ইছামতি,
এই মুহূর্তে তুমি কী করছো?
আমি?
আমি আমার দিকে তাকিয়ে আছি। যতবার আমার দিকে তাকাই ততবার তোমার কথা মনে পড়ে। মানুষ শব্দটি আজকাল অ্যাবস্ট্রাক্ট মনে হয়। অথবা মানুষ একটা পুতুল যে নাচে যখন নাচানো হয়। কে নাচায় তা আমি জানি না। আবার এইও মনে হয়, যে পুতুল নাচে সে তো কোনোদিন বলতে পারে না যে সে নাচে কিংবা তাকে নাচানো হচ্ছে। আমি কেন বলতে পারি?

পৃথিবীর অনেকগুলো বছর অতিক্রম করে ফেললাম। আজও বুঝলাম না আমার পৃথিবীর মানে কী! খেলে বেঁচে থাকি না খেলে মারা যাই।খাওয়ার অভিধানে আমরা মানুষ। কী নিষ্ঠুর আমাদের অভিধান! আমার খাওয়া মানে তো অন্য কারো মৃত্যু, তাই না?

জানো ইছামতি, মাংস জাতীয় খাবার খেতে আমার কেমন যেন অস্বস্তি লাগে,আবার ভাবি সবজিও তো একপ্রকার মাংস। কিছু না খেয়ে যদি বেঁচে থাকতে পারতাম তাহলে নিজেকে অন্য প্রানির চেয়ে আলাদা মনে করতে পারতাম। একটি বাঘ শিকারে বের হয় আমিও বের হই, বাঘের কোনো ব্যাংক নেই আমার ব্যাংক আছে অর্থাৎ আমি ভোগের জায়গায় শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নিশ্চয়তার দরকার হয় আমার। আমাদের গুদামঘরে প্রতিদিন জমা পড়ে টন টন নিষ্ঠুরতা। প্রয়োজনের বাইরে আমরা নিষ্ঠুর হতে পারি বিধায় আমরা মানুষ, অনেকে বলে আশরাফুল মাখলুকাত!

ইছামতি,
তোমাকেও আজকাল অনেক বেশি নিষ্ঠুর মনে হয়। প্রেমের চোখ যে নেগেটিভ কিছু দেখার ক্ষমতা রাখে না তা ত তুমি ভালো করেই জানো। তোমার জানার আর মানার মধ্যে যে বিস্তর ফারাক আমার চেয়ে অন্তত ভালো কেউ জানে না। অনেক কিছু জেনে কিছু হয় না, পথবিভ্রম তৈরি হয় মাত্র। একটা নিমগাছ দেখছি বোকার মতো নির্বাক দাঁড়িয়ে থেকে অক্সিজেন বিতরন করে যাচ্ছে। পৃথিবী মানুষকে বোকা হতে দেয় না। মানুষের কাছে বোকার চেয়ে বক্র শব্দটি অনেক দামি। যা কিছু দামি তা কিছুর চাহিদা বেশি। বোকা বোকা আচরন করি বিধায় অনেক বেশি সস্তা হয়ে গেছি আজকাল। কিন্তু একটি কথা জানো তো, সস্তাও জীবনচক্রের স্রোতে অনেক দামি হয়ে যায়। তখন কী প্রতিশোধ নেয়ার পালা আসবে? অবশ্যই না। প্রতিশোধ বলে কোনো শব্দ আমার কাছে জমা থাকে না। কত শব্দ কানের দেয়ালে আটকে যায়।

ইছামতি,
একটি সত্যের মুখোমুখি হবে তুমি একদিন। আমাদের আম্মা আব্বা সেই সত্যটির মুখোমুখি হয়েছিলেন বলে আজকে আমরা পৃথিবীতে। সেই কষ্টের মিষ্টতার জায়গায় আমাকে খুব করে উপলব্ধি করতেই হবে তোমাকে। কেন জানো? চরম উত্তেজনার জোয়ারে কয়েকটা দাগ আঁচড় দুজনকে দূরে সরাতে পারে না। উত্তেজনা শেষ হয়ে গেলে দাগগুলো খুব বড় করে চোখে আসে কিন্তু মনে আসে না।

ইছামতি,
তোমার মন বলে কী কিছু আছে যেখানে অভিমান বড় বড় পাহাড়ের মতো দেখায় যা আমার মতো মানুষকে জয় করতে হয় জীবনকে বাজি রেখে? জীবন তো একটাই, আসো না  ঘাসের দেশে সবুজ হয়ে বাঁচি।

এই মুহূর্তে তুমি কী করছো খুব জানতে ইচ্ছে করে...

~

তুমি তুড়ি দিলে আমি উড়ি, তবেই না আমার নাম হয়েছে ঘুড়ি