বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

শ্মশানে

শ্মশানবৈরাগ্য আমার গোধূলির রাস্তায়
সেই সকাল, সেই দুপুর, সেই সন্ধ্যা
চিরচেনা একই ঘোর বারংবার

ফানুস আউস তুলে, আউসে বেঁচে থাকে মন

তবু বেঁচে থাকা কেন?

কেন কলকাকলি আর নীরবতার দ্বীপে মধ্যবিত্ত জীবন?

অসীম আকাশের পেছনে আকাশ, অসীম ব্যবধানের ভেতর অসীম ব্যবধান,
ব্যবধানে সমাধানে যেখানে হৃদয়প্রতিম বন্ধু সেখানে জন্মে হৃদয়বিস্ময়-- মরিবার স্বাদ-- জন্মিবার চক্রাকার অভিলাষ।
তবু কেন আশা জাগে কলাপাতার সবুজ ভাঁজে-- জানিবার চাই,

প্রশ্নটা আসল।

প্রশ্ন তুমি শ্মশানবৈরাগ্য আমার হৃদয়ের গহীনে জানাযায় 

শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

এক শব্দটি ভুল

আল্লা প্রথমে রোবট বানালেন। রোবটের কোরানিক নাম ফেরেশতা। একসময় ফেরেশতার বিবর্তন ঘটে। বিবর্তিত রোবটের নাম শয়তান।
শয়তান আর ফেরেশতাকে সামনে রেখে আল্লার ইচ্ছা হলো তৃতীয় কোনো এক শক্তির অবয়ব দিবেন। আল্লা বানালেন ইনসান।
মানুষ ফেরেশতা কিংবা শয়তানের মতো রোবট নয়, মানুষ এক স্বাধীন প্রাণি অনেকটা পাখির মতো, যে পাখি  খাঁচা থেকে বের হয় স্বাধীনতার আশায় কিন্তু  আকাশ নামক খাঁচায় আবারো প্রবেশ করে। এইভাবে খাঁচা থেকে খাঁচায়, বাসা থেকে বাসায় পাখিদের জীবন, মানুষের জীবন। 

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

একা একা


একা চলা একটি যোগ্যতা।
একা চলা এক অসুস্থতার নাম।
অসুস্থতা কেমন করে যোগ্যতা হয়ে ওঠে তা যে একা চলে সেই কেবল জানে।
মানুষ তো ব্যবসায়ী, হৃদয়ের বিনিময়ে সমাজ অদল বদল করে। তর্কব্যবসা তোমাদের ভালো মানায়, আমি বসে থাকি কোনো এক রুমে আমার প্রভুর সাথে গোপন অভিসারে যেখানে রফরফ যায় না, যেতে পারে না। তর্ক এক পাশবিক নেশা বিষন্ন নেশার মতো। এক কাপ পরাজয় ঠোঁটে নিয়ে শুয়ে থাকি নিস্তব্ধতার বিছানায়। 

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

আগুন ফিরে এলো

লোকটি মানুষের কথা ভাবে, সমাজের কথা ভাবে। লোকটি সমাজের পরিবর্তন চায়। লোকটি সমাজ এবং মানুষকে চিনে। লোকটি সমাজ এবং মানুষের মঙ্গল কামনা করে। কোনো মানুষের অসঙ্গতি দেখলেই লোকটি আস্তে করে মানুষটিকে সতর্ক করে দেয়। মানুষও সতর্ক হতে বাধ্য। এইভাবে লোকটি মঙ্গলের মানদণ্ড হয়ে ওঠে।

একদিন আগুনের সাথে লোকটির দেখা।

ভাই আগুন, তুমি অনেক ক্ষমতাবান, তবে আমার একটা কথা আছে।

কী কথা?

দগ্ধ করা বাদ দাও, প্লিজ দেশে ফিরে যাও।

লোকটির কথা শুনে আগুন দেশে ফিরে গেল। আগুন দেশে ফিরে যেতে চায়নি, তাকে ফিরে যেতে বাধ্য করা হলো।

তারপর থেকে লোকটির বাড়িতে রান্না- বান্না সব বন্ধ, অফিস আদালতের কর্মচারীরাও সব চুপচাপ, তাদের চোখের নিচে পুষ্টিহীন জলের দাগ

লোকটি যেহেতু মানুষের মঙ্গলের চিন্তা করে সেহেতু সে আবার আগুনকে ফিরিয়ে আনতে গেলে। আগুন আবার ফিরে আসলো। তবে পৃথিবীতে না, লোকটির মনে। 

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

এক হাত

ঘর থেকে বের হলেই বারান্দা
বারান্দা থেকে মাটিতে পা রাখলেই পৃথিবী
পৃথিবী থেকে এক হাত দূরে আমার বাড়ি
এই এক হাত পথ পাড়ি দিতে জীবনের সমস্ত আয়ু খেয়ে ফেলে সাধু, সন্যাস, দরবেশ আর কালা মিয়ার বাড়ির বন্দী ডাহুক 

মিছামিছি

সাবের চোখে মাঝির জীবন মিছে
মাঝির চোখে সাবের জীবন মিছে
মিছামিছির খেলায় সব কিছু মিছে
সত্য তাই বাষ্পের শরীর শিশির কণার জীবন
অস্ত যায় না মৃত্যু খেলা, মেলা থেকে বেলা, বেলা থেকে মেলা 

স্বাগত রোদের ভেতর

বোধের ভেতর ভাবনা গো আমার কালে কালে তুমিই মহান
তোমার ভেতরে থাকে পালে পালে অসুর লাল নীল গোলাপী রঙের একঝাঁক বুদবুদ
বেদম বেদনাধরা একাধিক লোভ
কাল থেকে কালে মান থেকে মানে তুমি এক সরব প্রাণ
ছেলাকুছি ফল যৌবন লাল হলে পাখিদের খাবার
ভাবের দরজায় স্বভাবের তালা
স্বাগত রোদের ভেতর সাপের খেলা
ছেলাকুছি ফল গো আমার পলিফনিক উচ্চারণ তোমার ন মানায়
যৌবন ফলে বন সবুজ হলে বাঁশি বাজায় পুরুষ কানাই