রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

বিভ্রম স্মৃতি

ঢেউয়ের তালে যে পা ছুটে আসবার কথা
সে পা ছুটে গেছে সাগরের পরপারে
এক উদাস দুপুর পুকুর পাড়ে দাঁড়িয়ে নদী ও হাঁসের খেলা দেখে
পুঁটি মাছের মিছিল
শ্যাওলার কোলাহল
চোখে এক বিভ্রম স্মৃতি, স্মৃতির জাদুঘর
সময়ের মহাজন অস্ত্র দিবে, খাদ্য দিবে না
ক্ষুধার্ত আবেদন জাগ্রত করে রাগের নিউক্লিয়াস, মেমব্রেন
চোখে গত শতাব্দীর লিটলবয়, ফ্যাটম্যানরাগ
মানুষের জন্মদিন কবে   মা
তোমার ছেলে পশুদের কার্নিবাল দেখে উজ্জীবিত হয়েছে
ঢেউয়ের এ্যারিনায় মানুষের মৃত্যু তারিখ লিখবে
হার্ডলাইনে বাজবে ভরতের গীতবিতান
কয়েক প্যাক ইথানলে সজ্জিত হবে মনের বাগান
মানুষের জন্মতারিখ আছে কী মা
মানুষের ধর্মতলায় মানুষ তো পশুর শিরোনাম পড়ে
প্রাণির মৃত্যু হলে হয়তো মানুষ পেতো মৃত্যুর ইতিহাস
ইতিহাস নয়, ভুলের সংগ্রাম

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

সময়চক্র

অতীত নিয়ে বর্তমান। বর্তমান যখন অতীত হয়ে যায় তখন অতীতের অতীত মনে ততটা রেখাপাত করে না।
সময় তো একটি গোলাকার বিষয়। যারা সময়ের চক্রাকারে গতিশীল তারা অতীতবিলাসী হতে পারে না।
সময়চক্র চুরাবালি কিংবা জলের চক্রের চেয়েও গতিশীল!

Present is the collection of the past.
When present is past, the past of the past is not so memorial platinum.
Time is a round flow and its motion is strong enough . So one who strolls along with the time having no ability to drink the past memories.
Just because time is  powerful magic of  nature .

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

হাউঅন

পূর্ণিমার চাঁদ নাকি ঝলসানো রুটি
আরে শালা
হাউঅনের লাগি পৃথিবী সৃষ্টি
নাকি পৃথিবীর  লাইগ্যা হাউঅন
আমি তো ছোট্ট কাল থেইক্যা হুইননা আইছি
হাইলে যা টাটকিত, হাউআইলে যায় সমাজে
তুই হাইবার লাইগ্যা এত পাগল অইছত কেরে
হাউঅন তো এক অভ্যাসের নাম
অভ্যাসের দাস হয়ে আছে মানুষ সেই কাল থেকে এই কাল
তর কী একটুও পরিবর্তন অইব না

হারঅ তোরে একটা কিসসা হুনাই

মুসা নবী একবার আল্লারে জিগাইছে

আল্লা, ও আল্লা
তুমি কী ঘুমাও না, হাউ না
আল্লা ক  `না'
মুসা নবী আবার জিগাই
`কেরে'
আল্লা ক , `লাক,  তরে একটা ডেমো দেখাই'

তুই একটা বাত্তি জ্বালা, আর আত লইয়া হারুইয়া থাক
মুসা নবী আল্লার হুকুমের কামলা
রাইত যখন গভীর অইছে
মুসা নবীর হাত থেকে বাত্তি পড়ে গেছে
পুইরা গেছে বিছানা
আগুন যখন সইললে লাগছে
তখন মুসার ওস অইছে
আল্লা তখন মুসারে জিগাই
 ও মুসা, দেখলা ঘুমাইলে কী অই
ক দেহি, আমার কী হাউনের সময় আছে, আছে ঘুমানোর সময়
মুসা ক,   `মাফ কর প্রভু, আমি অধম '

আরে ও লেখক, হুন, তুমি না ঈশ্বর, স্রষ্টা
এই সব জৈবিক কাজের লাইগ্যা পাগল অইছো কেরে
বাদ দাও আজাইরা চিন্তা
সৃষ্টিতে মন দাও

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

আমার চাওয়া - পাওয়া

আমার চাওয়া-পাওয়া
একটি স্বপ্নের ফ্রেমে বাধা থাকে
তুমি তখন নৃত্য করো, তুমুল নৃত্য
গাছের পাতা ঝরে যাওয়ার নৃত্য
কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হতো যদি
নায়ক হতো তোমার চিরচেনা মুখটি
আমি হতাম সিনেমার ভিলেন
ভিলেন হওয়া ভালো
সারাটা সময় আধিপত্য, শেষে পরাজয়
পরাজয় যে জয়ের মাসতুতো ভাই এটা কেবল ভিলেনই জানে
নায়ক হতে গেলেও ভিলেনকে স্বীকার করতে হয়
শয়তান কেন শয়তান
কারণ শয়তান দাস হতে পারেনি
ভিলেনও সময়ের দাস নয়, মাইকেলের রাবণ
এ্যালকোহলকে  রঙিন পানি না ভেবে ওষুধ ভাবো
দেখবে হ্যাং ওভার ইফেক্ট বলে কিচ্ছু নেই
কেটে যাবে প্রচলিত নেশার ঘোর
ভাবতে শিখো হিমানী, ভাবনাতেই গলদ
অন্য কোথাও গলদ কিংবা ময়লা নেই
চোখের সামনে ধারনার উল্লম্ফনের কারিশমা
বস্তুত শিশুর হাততালিই এসথেটিক সঠিক
আবেগ- বিবেগ মিথ্যার অহমিকা
চোখ যত বড় হবে আসমান ততই অসীম
তাই
চোখ বড় করে লাভ নেই আসমানী
আসমান তোমার চোখে আসবে না
আমার চাওয়া-পাওয়া বিশ্বাসের কাবিনে কেনা

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

গুপ্ত নিশি কদাকার

বলার কথা ছিল অনেক রাত
বলা হলো না  অবশেষে
না বললেও রাত থেমে থাকে না
যেমন থেমে থাকে না তোমার ভাষিক আক্রমণ  আমার পোষা আচরণের দিকে
বুঝতে পারিনা
চলে গেলে, না থেমে গেলে
চলে যাওয়া আর থেমে থাকার মাঝখানেতে আমি
আমি মানে জীবনের অপর নাম
জীবনের প্রেমিকাগুলোর বিয়ে হয়ে যায় অপ্রেমিকের কাছে
আমি করি মানা অপ্রেমিকে গান আমার শোনবে  না

প্রেমিক মন পথেহাঁটা কুকুর, লেজ নাড়ানোর শক্তিটুকুও গতিহীন
বিড়াল তো বস্তুপ্রিয়, ব্যক্তিপ্রিয় রয়ে গেলাম আমি
বিড়াল তোমার পাশে বসে করে এ্যানিমেশন ড্রিংকস
আর আমি ঘুরেফিরে রাস্তার বাঁকে
রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু  দুঃখ লইয়া মনে
পৃথিবীর ছোট্ট বাক্সে আর কতটুকু দুঃখ থাকে
তারপরও নিজেকে কেটে দুঃখ দেখাই
আহোনিশি যোগ ধেআই
মন পবন গগনে রহাই

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪

পৃথিবী বদলায় কারণে

স্মৃতিগুলো বড্ড বেপরোয়া। শিশুর মতো খামখেয়ালি। মনে তার আধিপত্য জীবনের মতো দীর্ঘমেয়াদী।
ডাকাত হত্যা করেছিল এক হাজার কুয়াশার  প্রাণ
বেঁচে যায় গ্রামের কচি লতাপাতা
গতকাল রাতে ভোর আসেনি
বিড়ালের মিউ মিউ কান্না জন্ম দেয় এক কোটি ভোরের ড্রাইগ্লুকোজ
চিৎকারের জীবাশ্ম-জ্বালানি  ডেস্কে দাঁড়ানোর মহানগরীর ফুটানিক্যাল
স্মৃতির মতো আরামদায়ক হলে মশানিধন কোম্পানি চাকর হতে পারতো
চাকর হয়েছে আপোষগড়া দালাল
দালালের তো তাই হওয়ার কথা
স্মৃতির আর প্রেম হলো না জীবনের সাথে
তবু সে জীবনের সাথে থাকে, টেনে নিয়ে যায় আফিম সিনক্রোনাইজের দিকে
পৃথিবীর দিক এখন পশ্চিমমুখী নয়, তামাকগাছের শেকড়মুখী
পৃথিবী বদলায় কারনে গো ড্যাফনি, বিনা কারণে  না 

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪